বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে ছেলেকে নেশার টাকা না দেওয়ায় মা নেরু বেগম(৬০)কে পিটিয়ে হত্যা ও বাবা রহিম ফকিরকে পিটিয়ে গুরুতর যখম করেছে ছেলে রবিউল ফকির।
নিহত নেরু বেগমের মেয়ে নুপুর বেগম গণমাধ্যমকে জানান, তার ভাই রবিউল নেশাগ্রস্ত, প্রায়ই বাবা-মার কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে রবিউল নেশা করেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় রবিউল তার মায়ের কাছে টাকা চাইলে মা নেরু বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
এসময় উভয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরার এক পর্যায়ে ছেলে রবিউল ফকির ক্ষিপ্ত হয়ে অস্ত্র দিয়ে মায়ের মাথায় জোড়ালো আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। পরে তার বাবা রহিম ফকির ধরতে গেলে তাকেও পিছিয়ে গুরুতর যখম করে রবিউল।
তার বাবা রহিম ফকিরের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউলকে আটক করে কাজীরহাট থানায় সংবাদ দেয়। কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে রবিউল(২২)কে গ্রেফতার করেন।
কাজীরহাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান জানান, নেরু বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। এই হত্যার ঘটনায় তার মেয়ে নুপুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামি রবিউলকে আটক করা হয়েছে।