বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন; যিনি একই সাথে প্রধান প্রকৌশলীরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পাশ করা একজন বিএসসি ইঞ্জিনিয়ার এবং বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন সিনিয়র কর্মকর্তা।
গত ১৮ নভেম্বর,২০২৬ইং তারিখ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুরশীদ আবেদীনকে লাঞ্ছিত করার যে দৃশ্য দেখেছি, তা অত্যন্ত লজ্জাকর, উদ্বেগজনক এবং ভয়াবহ।
ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নামধারী এক দুর্বৃত্ত মুরশীদ আবেদীনকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে তার চেয়ার থেকে টেনে-হিঁচড়ে অপদস্থ করেছে। সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেউ কেউ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। ভিডিওর এই অংশটি অন্তত স্পষ্ট।
আমি বরিশালে প্রায় ২ যুগ সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার সুবাদে বিভিন্ন সময় সংবাদ সংক্রান্ত কাজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছে। সে সময় মুরশীদ আবেদীনের সঙ্গে আমার বিভিন্ন সময় দেখা এবং কথা হয়েছে। যতটুকু দেখেছি, তিনি অত্যন্ত নম্র, ভদ্র, মিতভাষী ও সদালাপী একজন মানুষ। তাকে কখনো উচ্চস্বরে কথা বলতে দেখেছি বা শুনেছি- এমনটি আমার মনে পড়ে না।
আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার কারণে তাকে হেনস্তা করা হয়েছে। কিন্তু মুরশীদ আবেদীনের রাজনৈতিক পরিচয় সম্পূর্ণ ভিন্ন। তিনি ১৯৮৭ সালে কুয়েটের খানজাহান আলী হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। অর্থাৎ তার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় ছিল ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে অনেকেই তাকে বিএনপি-ঘরানার বা বিএনপি সমর্থক হিসেবে চেনেন।
অতীত রাজনৈতিক পরিচয় থাকায় গত আমলে তিনি ন্যায্য পদোন্নতি বঞ্চিত হয়েছেন। অথচ ৮০’র দশকের একজন ছাত্রদল নেতাকে আওয়ামী লীগ সম্পৃক্ততার ট্যাগ দিয়ে এভাবে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে।
তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের আইন কিংবা রাস্ট্রিয় আইনে যথাযথ ব্যবস্থা নেয়া যেত। একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে এভাবে একটি কক্ষে ঢুকে প্রকাশ্যে টেনে-হিঁচড়ে অপদস্থ করা কোনো সভ্য, গণতান্ত্রিক বা প্রাতিষ্ঠানিক আচরণ হতে পারে না। বরং এটি আইন ও প্রতিষ্ঠানের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। ওই ঘটনার পর মুরশীদ আবেদীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাকে অবহিত করেছেন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা বা একদিন অতিবাহিত হলেও, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিয়েছে- এমন কোনো নজির এখন পর্যন্ত দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক। তার দায়িত্ব শুধু শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম দেখা নয়; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, মর্যাদা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষাও তার দায়িত্ব। একজন কর্মকর্তা যদি বিশ্ববিদ্যালয়ের ভেতরে একদল শিক্ষার্থীর হাতে এভাবে হেনস্তার শিকার হন এবং প্রশাসন সেটি উপেক্ষা করে, তাহলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা কিভাবে নিরাপদ বোধ করবেন?
আজ মুরশীদ আবেদীন, কাল হয়তো সেই একই মবের শিকার হতে পারেন স্বয়ং উপাচার্যও। কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তে মবের সিদ্ধান্ত কার্যকর হতে শুরু করে, তাহলে সেটি শুধু একজন ব্যক্তির জন্য নয়- পুরো প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক।
উপাচার্য চাইলে অন্তত একটি তদন্ত কমিটি গঠন করতে পারতেন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করতে পারতেন। সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিতে পারতেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে পারতেন। গত ২৪ ঘন্টায় যদি এসবের কিছুই না হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবেই- কেন?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ মুঠোফোনে বলেছেন, আইন সবার জন্য সমান। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
এর পরিপ্রেক্ষিতে উপাচার্যের কাছে প্রশ্ন ছিলো, ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। বিষয়টি তদন্ত করা কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, অথবা ভবিষ্যতে কোনো ব্যবস্থা নেবে কি না। জবাবে উপাচার্য বলেন, অবশ্যই নেওয়া হবে।
উপাচার্যের কাছে আরও জানতে চাওয়া হয়, মুরশীদ আবেদীনকে যারা হেনস্তা বা অপদস্থ করেছে, তারা নিজেদের ছাত্রদল পরিচয় দিয়েছে। ছাত্রদলের পরিচয় দেওয়ার কারণে অভিযুক্তরা কি কোনোভাবে পার পেয়ে যাবে, কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিথিলতা দেখাবে কি না?
জবাবে উপাচার্য স্পষ্টভাবে বলেন, “অবশ্যই না। ছাত্রদল ছাত্রদলের রাজনীতি করবে, আর উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করবেন। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না।
আমরাও প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্য অনুযায়ী আইনের যথাযথ প্রয়োগ করবেন এবং এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে উপাচার্য প্রমাণ করুন, তিনি মেরুদণ্ডহীন নন। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, শৃঙ্খলা ও প্রশাসনিক কর্তৃত্ব রক্ষায় তাঁর দৃঢ় অবস্থানই আমরা প্রত্যাশা করি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি সরকার গঠনের পর গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখায় ঠিকাদারী কাজ পাওয়ার জন্য ছাত্রদল নামধারী ‘মব বাহিনী’ বিভিন্ন সময় কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিলো। বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে পর্যাপ্ত উন্নয়নমূলক কাজ না থাকায় তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ দেওয়ার সুযোগ ছিল কি না, সেটি আমার জানা নেই। তবে ঠিকাদারি কাজ পাওয়ারও নির্দিষ্ট নিয়ম, প্রক্রিয়া ও আইন রয়েছে। কোনো রাজনৈতিক পরিচয় বা ছাত্রসংগঠনের পদ ব্যবহার করে কাউকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ থাকার কথা নয়। ঠিকাদারী কাজ কিংবা অনৈতিক সুবিধা না পাওয়ায় একজন পদস্থ প্রকৌশলীকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে হেনেস্তা করা হয়েছে- এটা দিবালোকের মতো সত্য। রাজনৈতিক ইস্যু এখানে কেবল একটি অজুহাত।
বিস্ময়কর বিষয় হলো, হেনেস্থাকারী মাহমুদ ইকবাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং এই ঘটনার আরেক নায়ক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক আরিফ হোসন শান্ত বিগত দলীয় সরকারের আমলে সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
এই দুইজন সহ আরও কয়েকজন এখন যারা ছাত্রদলকে বিতর্কিত করেছে তারা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হসিনার জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন এবং ‘হিংস্র জানোয়ার’ আবুল খায়ের আবদুল্লাহ’র সাথে তার সিটি নির্বাচনী প্রচারনায়ও নিয়েছেন। এ ধরনের বহু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আগে শুনেছি শিবির ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছিল। এখন দেখছি ছাত্রলীগ নামধারীরা ছাত্রদলে অনুপ্রবেশ করেছে এবং ছাত্রদলের বারোটা বাজাচ্ছে।
ছাত্রদলের জেলা, মহানগর কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ কি এই ভিডিও দেখেননি? তারা কি ঘটনাটি জানেন না? যদি জেনে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো না কেন?
ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধ বা উচ্ছৃঙ্খল আচরণের দায় সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া যেমন ঠিক নয়, তেমনি সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি মব সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তাহলে সংগঠনের নেতৃত্বেরও নৈতিক ও সাংগঠনিক দায় রয়েছে।
প্রশ্ন ওঠে- তারেক রহমানের এই বিএনপি কি সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি? এটা কি গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার বিএনপি? নাকি এই দলটির নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে নেই। ##
লেখক:
রাহাত খান
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক
ফোন নম্বর: +৬১৪১০১১০৭১৯
Email id: Khanbsl1971@gmail.com