নিজস্ব প্রতিবেদক :
বরিশাল–১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সংসদ সদস্য রাজীব আহসানকে প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রী হিসেবে দুইজনকে নিয়ে উচ্ছ্বসিত পুরো বরিশাল জেলাবাসী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
মঙ্গলবার সকালেই মন্ত্রীসভার শপথে যাওয়ার ফোন পান এ দুই নেতা। এরপরই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ব্যবহারকারীদের।
এদিকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন নতুন সরকারের তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রথমবার বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাজীব আহসান। নবগঠিত মন্ত্রিপরিষদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, যা পেয়েছি আলহামদুল্লিহ। তারপরও চাওয়ার তো কোন শেষ নেই বরিশাল বাসীর। আরও চাওয়া আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আশা করি তিনি বরিশাল বাসীর সব চাওয়া পূরণ করবেন।






