নিজস্ব প্রতিবেদক :
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। দলীয় সূত্রে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মাঝে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তার নাম ঘোষণার পর থেকে এলাকায় বইছে “খুশির জোয়ার” এমনটাই জানান স্থানীয় নেতা–কর্মীরা।

ঐতিহাসিকভাবে বরিশাল-৩ আসনটি জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির দখলে ছিল বিভিন্ন সময়ে। গত কয়েকটি নির্বাচনে এই দুই দলই প্রভাব বিস্তার করলেও দীর্ঘদিন পর বিএনপি সরাসরি দলীয় প্রার্থী দিল এ বিষয়টিকে সংগঠন পুনরুজ্জীবনের সুযোগ হিসেবে দেখছে স্থানীয় বিএনপি।

বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা–কর্মীরা জয়নাল আবেদীনের পক্ষে প্রচারণা জোরদার করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা এবং এলাকার সঙ্গে প্রার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “দলের মহাসচিব থেকে শুরু করে সব স্তরের নেতাদের প্রতি কৃতজ্ঞ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়নই হবে আমার প্রধান অঙ্গীকার।

এদিকে তার মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি–অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরে সভা–সমাবেশ ও মতবিনিময় কর্মসূচি শুরু হয়েছে। নেতা–কর্মীরা বলছেন, দল যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে।

বরিশাল-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বিএনপির এই ঘোষণা—এমনই মন্তব্য করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক:
‘বাকসু’ নামের বৈধ মালিকানা একমাত্র বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এ দাবি তুলে নাম রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসের ‘বাকসু’ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী সাইফুল বাসার। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের জন্য ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্তকে “অনৈতিক, ঐতিহাসিক সত্য বিকৃতি এবং অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল” বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, একই অঞ্চলের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে একাডেমিক বিভ্রান্তি, প্রশাসনিক জটিলতা, গণমাধ্যমে ভুল ব্যাখ্যা এবং ইতিহাস বিকৃত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

এসময় তারা তিন দফা দাবি উপস্থাপন করেন—
১. বরিশাল বিশ্ববিদ্যালয় অবিলম্বে ‘বাকসু’ নাম অনুমোদনের সিদ্ধান্ত বাতিল করবে।
২. বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য নতুন ও স্বতন্ত্র নাম ঘোষণা করবে।
৩. বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না—সে বিষয়ে বিশ্ববিদ্যালয় লিখিতভাবে নিশ্চিত করবে।

শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, ‘বাকসু’ নাম রক্ষায় প্রয়োজনে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

নিজস্ব প্রতিবেদক :
অগ্রহায়নের শুরুর দাপটেই কেঁপে উঠেছে বরিশাল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে শহরে মৌসুমের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম তাপমাত্রা ও হালকা মেঘাচ্ছন্ন আকাশে সূর্য লুকোচুরি খেলায় বাড়ছে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষরা।

এর আগে ৩০ নভেম্বর বরিশালের তাপমাত্রা নেমেছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিক তাপমাত্রার প্রায় ৫ ডিগ্রি নিচে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে নভেম্বরে বরিশালের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা হওয়া উচিত ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বরিশালে শীত অনেকটা আগেভাগেই জেঁকে বসেছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে—ডিসেম্বরজুড়ে রাতের তাপমাত্রা আরও কমবে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে এ মাসে ১–২টি লঘুচাপ সৃষ্টি হয়ে তার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসের মধ্যভাগের পর বরিশালসংলগ্ন পশ্চিম অঞ্চলে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

এদিকে সদ্য সমাপ্ত নভেম্বরে বরিশালে স্বাভাবিকের তুলনায় ৭৩ শতাংশ কম মাত্র ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদিও স্বাভাবিক হিসেবে এ মাসে ৬ মিলিমিটারের পরিবর্তে ৫–১০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছিল আবহাওয়া বিভাগ।

শীতের কামড় বাড়লেও কৃষকের মাঠে এখন ব্যস্ততা, অগ্রহায়নের ভোরেই চলছে আমন ধান কর্তনের উৎসব। দক্ষিণাঞ্চলের খরিপ–২ মৌসুমে আবাদ হওয়া প্রায় ৯ লাখ হেক্টর জমি থেকে ২৪ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যে মাঠে দিনরাত কাজ করছেন কৃষক ও কৃষিশ্রমিকরা।

একই সঙ্গে রবি মৌসুমকে সামনে রেখে বরিশাল কৃষি অঞ্চলের ৫৫ হাজার হেক্টর জমিতে প্রায় ১৭ লাখ টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষকরা সর্বোচ্চ ব্যস্ত দিন পার করছেন।

শীতের তীব্রতা জনস্বাস্থ্য ও ফসলের মাঠে কোনো প্রভাব ফেলে কি না—সে দিকেও এখন সবার নজর।

নিজস্ব প্রতিবেদক:
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বেতন বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

দীর্ঘদিন ধরে অযৌক্তিক বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ অংশগ্রহণকারীদের। তাদের দাবি করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করা সত্ত্বেও ন্যায্য গ্রেড পাচ্ছেন না তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম লিটন, মেডিকেল টেকনোলজিস্ট তাওহিদুল হাসান, হাসান মাহমুদ, মেডিকেল ফার্মাসিস্ট নাহিদ ইসলাম এবং মেডিকেল টেকনোলজিস্ট ফেরদৌসী।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়নসহ সব ধরনের বৈষম্য দূর করার দাবি জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে তারা সম্পূর্ণ কর্মবিরতি কম্পিলিট শাটডাউন এ যেতে বাধ্য হবেন।

প্রতিবাদকারীরা জানান, স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারকে দ্রুত ন্যায্য পদক্ষেপ নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ ১৪ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বানারীপাড়া পৌরশহরের বন্দর বাজারে এ ইলিশটি বিক্রি হয়।

চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের জেলে রুমেনের জালে সকালে ধরা পড়ে বিরল এই রূপালি ইলিশ। পরে তিনি মাছটি নিয়ে যান বন্দর বাজারের সত্যরঞ্জনের মৎস্য আড়তে। সেখানে পাইকারি বিক্রেতা বিকাশ মাছটি ১৪ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন।

ইলিশটি দেখতে বাজারে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বড় আকারের ইলিশ পেয়ে এবং উচ্চ দামে বিক্রি করতে পারায় জেলে রুমেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন মাছ ধরা পাওয়া আমার জীবনের বড় সৌভাগ্য।”

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে পাওনা টাকা ও মোবাইল সেটের বিরোধকে কেন্দ্র করে কথিত অনলাইন নিউজ পোর্টালের অফিসে ডেকে নিয়ে এক যুবককে বৈদ্যুতিক শকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ‘দৈনিক আলোকিত সংবাদ’ নামের অনিবন্ধিত পোর্টালের অফিসে নিহত হন মোটরসাইকেলচালক বেল্লাল হোসেন রাজ (চার সন্তানের জনক)।

আটকদের দাবি ভবনের পাশে থাকা হাই ভোল্টেজ লাইনে স্পৃষ্ট হয়ে বেল্লাল মারা যান। তবে পরিবারের অভিযোগ কথিত সাংবাদিক রিপন রানা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনার পর রিপন পলাতক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টার দিকে বেল্লালকে অফিসে নেওয়া হয় এবং রাত ৪টায় রিপন ও রানা তার নিথর দেহ নিচে নামায়। এর আগে দুই নারীকে অফিস থেকে নেমে সিঁড়িতেই টাকা ভাগাভাগি করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের একাধিক অংশ দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর ডেস্ক :
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধি সংশোধন করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৩ ডিসেম্বর) জরুরি এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মাউশি। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়ে কিছু সংশোধন আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি (মহানগরী, জেলার সদর উপজেলা এবং উপজেলা সদরে অবস্থিত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনে আবেদন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে, কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। (যেমন: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সাথে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

মো. এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজস্বখাতভুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (EPI) ও পরিবার কল্যাণ সহকারীরা (FWA)।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তারা গত নভেম্বর মাসের কার্যক্রমের রিপোর্ট জমা না দিয়ে কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন—পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি মাহামুদ হাসান সবুজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি আনিতা দাস ও পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি মুক্তা খানম।

এসময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুস সাগর, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুপুর রানী সরকার, পরিবার কল্যাণ সহকারী সালমা খানমসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন,“দীর্ঘ ২৬ বছর ধরে আমরা প্রস্তাবিত নিয়োগবিধির বাস্তবায়নের অপেক্ষায় আছি। কিন্তু এখনও তা কার্যকর হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি চলছে এবং তা অব্যাহত থাকবে।”

তারা আরও জানান, নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—হোসেন মো. ইমরান, বিরাজ চক্রবর্তী, বায়জিদ হোসেন, রমেন্দু শেখর হালদার, শিপ্রা রানী, লাকি আক্তার, মনি খানম, নমিতা রানী, ঝুমা রানী দাস, রুমা আক্তার, নাজমা খানম, লুবনা, আশালতা দাস, মুক্তা খানমসহ মাঠ পর্যায়ের সকল কর্মচারী।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল নীলাঞ্জনা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র  সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,ছাত্রদল সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ আরও অনেকে। অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছিল। প্রকৃত প্রতিবন্ধীরা বঞ্চিত হলেও অনিয়মকারীরা সুবিধা পেয়েছে। নতুন ব্যবস্থায় সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং প্রকৃত প্রতিবন্ধীরা তাদের অধিকার পাবেন।

এসময় বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া প্রতিবন্ধীদের অধিকার ও সুবিধা নিশ্চিত করেছিলেন। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে প্রতিবন্ধীদের অধিকার আরও সুদৃঢ় করা হবে বলেও জানান তারা।

নিজস্ব প্রতিবেদক:
রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে সারাদেশের ন্যায়ে বরিশালেও কর্মবিরতি করেছেন।

আজ বুধবার সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়।

জানাগেছে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অথেচ তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন।

কর্মবিরতি কর্মসূচীতে বক্তব্য রাখেন মেডিকেল ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম লিটন, মেডিকেল টেকনোলজিস্ট তাওহিদুল হাসান, মেডিকেল টেকনোলজিস্ট হাসান মাহমুদ, মেডিকেল ফার্মাসিস্ট নাহিদ ইসলাম ও মেডিকেল টেকনোলজিস্ট ফেরদৌসী।

কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। কর্মবিরতি থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়। দাবি না মানা হলে কম্পিলিট শাটডাউন করা হুশিয়ারী দেন তারা।