নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর বাজার রোড দপ্তরখানা জামে মসজিদে বাদ আছর এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল মহানর বিএনপির দোয়া মোনাজাতের আয়োজন করেন। এ সময় নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম ‌আহ্বায়ক আল আমিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাত শেষে মুসুল্লিদের মাঝে তবারক বিতরন করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. মামুন রেদোয়ান (পিতা: হাকিম আলী, ভাটার খাল) এবং জাহাঙ্গীর মোল্লা (পিতা: সালাম মোল্লা, পলাশপুর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নগরীর হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ১৫–২০ জনের একটি চক্র সাংবাদিক পরিচয় ব্যবহার করে শহরের বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল রোডের খন্দকার ফার্নিচারের স্বত্বাধিকারী মো. লিয়াকত আলী খন্দকার এই চক্রের সর্বশেষ শিকার। তিনি জানান, চলতি মাসের ৬ ডিসেম্বর মামুন রেদোয়ান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জানান যে তার কাছে একটি ‘গোপন ভিডিও’ রয়েছে। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। ৭ ডিসেম্বর দোকানে এসে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হলেও ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় সে। পরদিন আবার ৮০ হাজার টাকা দাবি করলে লিয়াকত আলী বিষয়টি স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও প্রকৃত সাংবাদিকদের জানান।

৯ ডিসেম্বর সকালে পূর্বনির্ধারিত সময়ে মামুন রেদোয়ান ও জাহাঙ্গীর মোল্লা উপস্থিত হলে জনতা দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

এ সময় উপস্থিত হাওয়া বেগম নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, চলতি মাসের ৪ ডিসেম্বর মামুন রেদোয়ান তাকে ও তার মেয়েকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ভুক্তভোগী লিয়াকত আলী জানান, তিনি ১৫–২০ জনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, “আমি বয়স্ক মানুষ, দোকান চালিয়ে সংসার চলে। আমার সঙ্গে যে প্রতারণা হয়েছে তার কঠোর বিচার চাই।”

বরিশালের ১৫টি সাংবাদিক সংগঠনের সমন্বিত জোটের মুখপাত্র মো. খালিদ সাইফুল্লাহ বলেন, “ভুয়া সাংবাদিকতার চক্র শহরে দীর্ঘদিন ধরে সক্রিয়। রিমান্ডের মাধ্যমে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।”

পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, “সাংবাদিক পরিচয় ব্যবহার করে অপকর্ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই চক্র নির্মূল করতে সব সাংবাদিক একযোগে কাজ করবে।”

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল-ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক :
বরিশালে এশিয়ান টেলিভিশনের সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় বরিশাল নগরীর আমানতগঞ্জ ফাঁড়ি কর্মরত কনস্টেবল নাবিদ আনজুমের সম্পৃক্ত থাকায় তাকে ক্লোজ করা হয়েছে।

আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা জানান, সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোর করে প্রবেশ করে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আঞ্জুম। এসময় ফিরোজ মোস্তফাকে অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। আহত ফিরোজের সাথে কনস্টেবল নাবিদ আঞ্জুমের আগে থেকেই পরিচয় ছিল এবং তার অফিসে যাতায়াত ছিলো। এই সূত্র ধরে তার অফিসে অবৈধ কাজ করার সুযোগ না পেয়ে এই হামলার ঘটনা ঘটায়।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর সুশান্ত সরকার জানিয়েছে, এ ঘটনায় উক্ত কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক :
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুর কলোনি (৩ নং গলি) এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নাধীন এবং ইউনিসেফ সহযোগিতায় পিভিএইচপি প্রকল্প পরিচালিত কথাকলি শিশু সুরক্ষা কমিউনিটি হাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি, আইন ও বিচার বিভাগের এসএআরসি প্রকল্পের কনসালটেন্ট জুলহাস মোল্লা, পিভিএইচপি প্রকল্পের শিশু অধিকার কর্মকর্তা মিরাজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার শিশু সুরক্ষা পুলিশ কর্মকর্তা এএসআই রুমানা পারভীন, তথ্য আপা কর্মকর্তা, সিএসপিবি প্রকল্পের শিশু সুরক্ষা কর্মী আতিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর, ইমাম এবং সাধারণ নারী-পুরুষ ও শিশুরা।

সভায় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে সাইবার বুলিংসহ ডিজিটাল হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। তারা আরও বলেন, অনলাইন হয়রানি ও মানহানিকর আচরণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মসজিদের ইমাম ইসলামের আলোকে নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলাম নারীকে সম্মান, সুরক্ষা ও ন্যায়বিচারের অধিকার দিয়েছে। তিনি পরিবার ও সমাজে সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শিশু সুরক্ষা পুলিশ কর্মকর্তা এএসআই রুমানা পারভীন জানান, নারী ও শিশুর সুরক্ষায় পুলিশ বিশেষ সেল, ৯৯৯ হেল্পলাইন, নারী–শিশু সহায়তা ডেস্কসহ দ্রুত সেবা প্রদান করছে। ডিজিটাল অপরাধ ও অনলাইন হয়রানির ঘটনায় অভিযোগ গ্রহণ ও তদন্ত ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পিভিএইচপি প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং সহায়তা সেবা প্রদানে কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা, র‍্যালি ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলী, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুর হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি।

আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব বামরাই গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে রেখে লাপাত্তা হয়েছে পাষন্ড মা। এনিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মোঃ গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু) এর পুত্র মোঃ মামুন হাওলাদারের সাথে বাবুগজ্ঞ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের মোঃ ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তার এর সাথে ২০১৪ সালে সামাজিক ভাবে বিবাহ হয়।

তাদের দাম্পত্য জীবনে তাসকিন(৭) ও জিদান(৩) নামের দুইটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সুত্রে জানা যায় গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে পাষন্ড মা অবুঝ দুই শিশুকে রেখে লাপাত্তা হয়। ঘটনার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যপারে ভুক্তভোগী পরিবার জানান পরকীয়া প্রেমিকের সাথে দুই শিশুকে রেখে লিমা আক্তার লাপাত্তা হয়েছে। এদিকে দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছে স্বামী মামুন হাওলাদার। এছাড়া লিমা আক্তারের সাথে কিছুদিন পূর্বে টিকটক করাকে নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য হয়েছিলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে প্রস্তুতি চলছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আবুল হোসেন রাজু, কুয়াকাটা:
পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে আলীপুর বিএফডিসি মার্কেটের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকার্তা কাউছার হামিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহব্বত খান। ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হাওলাদার ভারপ্রাপ্ত।
অনুষ্টানের সভাপতিত্ব করেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ সভাপতি।

অনুষ্টানে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যারমধ্যে বাজারের ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট জায়গা, ময়লা ফোলানোর বাস্কেট, সিসি ক্যামেরা স্থাপন, স্টিক লাইট, অটো গাড়ি ও ভ্যান রাখার জন্য নির্দিষ্ট স্থান, মশা নিধনের ঔষধ দেওয়ার মেশিন, ড্রেন পরিষ্কার করার সরঞ্জাম, প্রত্যেক মুধি দোকানের সামনে থেকে ডিজেলের ড্রাম অপসারণ, ফুটপথ দখলমুক্ত করণ এবং রাত্রে বাজারে পুলিশ পাহারা দেয়া সহ বেশকিছু দাবি তুলে ধরা হয়।

আলোচনার এক পর্যায়ে সকল দাবির কথা শুনে সকলের সহযোগীতায় দাবি পুরনের কথা জানান অনুষ্টানের প্রধান অতিথি। পরে বিভিন্ন সমস্যা জড়িত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

নিজস্ব প্রতিবেদক :
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।

এ উপলক্ষে আজ রবিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং ব্র্যাক, বরিশালের যৌথ উদ্যোগে শহরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে সার্কিট হাউস সভাকক্ষে “অদম্য নারী পুরস্কার–২০২৫” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আহসান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম এবং বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (৮ ডিসেম্বর) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে বক্তব্যের সময় চাঁদাবাজির অভিযোগ তোলায় বিএনপির একদল নেতাকর্মী তাকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করে—এ অভিযোগ তুলে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এই অভদ্র ছোট অংশকে নিয়ন্ত্রণে না আনলে বিএনপির ভোট প্রতিদিন কমবে। মীরগঞ্জের ঘটনার পর শুধু একদিনেই বিএনপির ১০ লাখ ভোট কমে গেছে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “যে আচরণ আওয়ামী ফ্যাসিবাদের সময় দেখেছি, আপনাদের কিছু নেতাকর্মী আজ সেই একই আচরণ করছেন। তবে মনে রাখবেন, হাসিনার সময় গুম-হুমকি উপেক্ষা করে আমরা মাঠে ছিলাম, এখনো থাকব। আমরা লেজ গুটিয়ে ঢাকায় পালিয়ে যাব না।”

বিএনপিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, “খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী দলের নেতৃত্বে থাকতে পারে না। কিছু মানুষের কারণে পুরো দলের বদনাম হচ্ছে। তদন্ত করে বাবুগঞ্জের ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় তাদের নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনী প্রচারণাও বাধাগ্রস্ত হচ্ছে। “অনেক জায়গায় গিয়ে প্রোগ্রাম বাতিল করতে হয়েছে। আমাদের জানানো হয়েছে—নির্বাচনের আগের দিন এলাকায় ঢুকতে দেওয়া হবে না,” বলেন ফুয়াদ।

বিএনপি ও প্রশাসনকে নির্বাচন পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারেক রহমান ৩১ দফা সংস্কারে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন। কিন্তু দলের ভেতরে অপরাধী চক্র রেখে কোনো সংস্কার সম্ভব নয়। নির্বাচনের আগে গুণ্ডাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উদ্বেগজনক।”

তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান—গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিপক্ষের মত প্রকাশের অধিকারকে সম্মান জানাতে এবং সহিংসতা পরিহার করতে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আমার বিরুদ্ধে বক্তব্য দিন, সমালোচনা করুন—এটা রাজনীতির অংশ। কিন্তু গায়ে হাত তোলার রাজনীতি চলতে পারে না। আমরা ধৈর্য ধরে আছি, কিন্তু সেই ধৈর্যের সীমা অসীম নয়।”

নিজস্ব প্রতিবেদক :

পিরোজপুরের নেছারাবাদে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কিষাণীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার আটঘরে সারাবাংলা কৃষক সোসাইটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন ২২০ জন নারী কৃষাণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। সভাপতিত্ব করেন আন্দাকুল–জিন্দাকাঠি মিশ্র ফল ও সবজি উৎপাদক সমবায় সমিতির সভাপতি বর্ণালী শিকদার। সঞ্চালনা করেন সারাবাংলা কৃষক সোসাইটির অ্যাক্সেস প্রকল্পের আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাবিবুর রহমান বলেন, “কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লে ক্ষমতায়নও বাড়বে। পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করলে নারী কৃষাণীরা আরও লাভবান হবে এবং তাদের জীবনমান উন্নত হবে।”

সমাবেশে নারী নেতৃত্ব, নিরাপত্তা, কৃষি উৎপাদনে অংশগ্রহণ ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আয়োজিত এই সমাবেশে নারীদের অর্জিত অর্থ সংসারে অবদান রাখায় পারিবারিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে।

উল্লেখ্য, সারাবাংলা কৃষক সোসাইটির ১৩৫টি সদস্য উৎপাদনকারী সংগঠন ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ৯ ডিসেম্বর রোকেয়া দিবসে নারীর অধিকার ও অগ্রগতির তাৎপর্য তুলে ধরা হবে। সমাপনী আলোচনা ও মানববন্ধনের মাধ্যমে ১৬ দিনের এ কর্মসূচি শেষ হবে।