আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটা পৌর বিএনপির মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত শেষে ৫ হাজার মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

মঙ্গলবার (০৬ জানুয়ারী)আসরের নামাজ বাদ কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য খান  রবিউল ইসলাম রবি,কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার,উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক,মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক  সম্পাদক  অ্যাডভোকেট নাসির উদ্দীন,কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মওলানা শহিদুল ইসলাম,শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মন্ডল,কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক, মতিউর রহমান, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও কলাপাড়া, মহিপুর এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী বলেন,বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন আপসহীন ছিলেন। ক্ষমতার মোহ নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষাই ছিল তার রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন,আজ কুয়াকাটার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে কতটা গভীরভাবে অবস্থান করছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করছি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি বেগম জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়।

তিনি আরও বলেন,আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে দেশবাসীর মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে ইমাম আলহাজ্ব কারী মো: নজরুল ইসলাম।

দোয়া মিলাদ অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ সময় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের ৩ সন্তানের জননী এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ কনস্টেবল কর্তৃক অবৈধ শারীরিক সম্পর্ক ও যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেও বিচার না পেয়ে হতাশা ভুগছে গৃহবধূ। অভিযোগ সুত্রে জানা যায় নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামের মৃত ছালাম মিয়ার মেয়ে মোসাঃ তাসলিমা আক্তার সাথি (২৬)এর সাথে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার পরমানন্দসাহা গ্রামের আলামিনের সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩টি পুত্র সন্তান রয়েছে। তবে ৪/৫ বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় ।

কলহের কারনে দুই বছর পূর্বে ভোলা জেলার আলিনগর ইউনিয়নের সাছিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ থানার কনস্টবল মোঃ শাহিন আজাদ(ব্যাচ নং-১১৩৯) মোসাঃ তাসলিমা আক্তার সাথিকে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে স্বর্বঃসান্ত করেন । এ ঘটনায় গৃহবধু তাসলিমা আক্তার সাথি সাংবাদিকদের কান্নার কন্ঠে বলেন লম্পট শাহিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে এবং ঢাকায় যাওয়ার সময় লঞ্চের কেবিন রুমে প্রায়ই শারিরীক সম্পর্ক ও যৌন নিপিড়ন করে থাকে।

এঘটনা আমার স্বামী আলামিন জানতে পেরে আমাকে তালাক প্রদান করে । শাহিনের বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও বিচার পাইনি।

এমনকি আদালতে মামলা দায়ের করা হলেও তাকে গ্রেফতার করেনি কোতোয়ালি থানা পুলিশ।তার জন্য আমার স্বামীর সংসার ভেঙে গেছে এবং আমি তালাকপ্রাপ্ত হই। অভিযুক্ত পুলিশের মোবাইল ফোনে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে পুলিশ কনস্টেবলের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অসহায় ভুক্তভোগী নারী।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেও মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছে কলাপাড়া উপজেলা প্রশাসন। শীতের তীব্রতায় বিপর্যস্ত কুয়াকাটায় বসবাসরত রাখাইন জনগোষ্ঠীসহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটার ৮টি গুরুত্বপূর্ণ স্পটে প্রায় ৭০০টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি আমখলাপাড়া, মিস্ট্রিপাড়া ও আশপাশের বিভিন্ন রাখাইন পল্লীতে সরাসরি গিয়ে প্রায় ১০০ জন রাখাইন নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছদুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন,শীত মৌসুমে প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের কষ্ট বেশি বেড়ে যায়। রাখাইন জনগোষ্ঠীসহ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। এই কার্যক্রম শীতকালজুড়ে অব্যাহত থাকবে।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মানুষ যেন শীতের কারণে কষ্ট না পায়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কম্বল পেয়ে রাখাইন সম্প্রদায়ের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীতের এই দুর্যোগময় সময়ে উপজেলা প্রশাসনের এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

খবর ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমান।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই–বাছাই শেষে এ তালিকা প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, বরিশাল জেলার ছয়টি আসন থেকে ৬২টি মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন প্রার্থীরা।

এর মধ্যে থেকে ৪৫টি মনোনয়নপত্র জমা পড়ে। গত ২ ও ৩ জানুয়ারি দুই দফায় যাচাই–বাছাই শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র ও তার সঙ্গে দেওয়া হলফনামায় বিভিন্ন ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ৪১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বাকি ৪১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরিশাল–২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী মো. আবুল কালাম আজাদ। বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে স্বতন্ত্র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ. সত্তার খান এবং বরিশাল–৫ (সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী একেএম মাহবুব আলম ও একই আসনের স্বতন্ত্রপ্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তাদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা, ভোটার তালিকা, প্রস্তাবক ও সমর্থনকারীর তথ্যসহ বিভিন্ন কাগজপত্রে ত্রুটি ও অসংগতি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বোর্ডে আপিল করতে পারবেন। আপিলে বৈধতা পেলে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে পাঁচজন, বরিশাল–২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে ১০ জন, বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে নয়জন, বরিশাল–৪ আসনে ছয়জন, বরিশাল–৫ (সদর) আসনে ১০ জন এবং বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসন থেকে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত করে ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, সোহাগ খান (২৮), পলাশ (২৫) ও রাব্বি মোল্লা (২৪)। তারা সবাই ডামুড্যা থানাধীন এলাকার বাসিন্দা।

 

এজাহার সূত্রে জানা যায়, নিহত খোকন চন্দ্র দাস (৪৫) পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি ডামুড্যার কেউরভাঙ্গা এলাকায় একটি ওষুধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) ব্যবসা পরিচালনা করতেন।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রায় ৬ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির নিকটবর্তী তিলই বেপারীবাড়ী মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা তিন আসামি তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

 

পরবর্তীতে ভিকটিম আসামিদের চিনে ফেলায় তাকে হত্যার উদ্দেশ্যে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের ডোবায় ঝাঁপ দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারি ২০২৬ সকাল ৮টার দিকে তিনি মারা যান।

 

এ ঘটনায় ডামুড্যা থানায় দস্যুতা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের সংবাদ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৮ (বরিশাল) ছায়া তদন্ত শুরু করে। আসামিদের পলাতক অবস্থার রুট ও কৌশল বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ) যৌথভাবে অভিযান চালিয়ে ৪ জানুয়ারি ২০২৬ রাত ১টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব পৈলনপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‍্যাব আরও জানায়, সাধারণ মানুষের জানমাল রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শুভ বৈরাগী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকালে তার বাড়ি গোপালগঞ্জের বৌলতলী থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যুর আগে গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে শুভ নিজের এবং তার প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে প্রেমের সম্পর্কের ঘটনা বর্ণনা দেন।

শুভ তার প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে তার মৃত্যুর জন্য দায়ী করেন।
ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে তিনি ওই তরুণীর বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

শুভর অভিযোগ, এ সময় তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাকে চুরির অপবাদ দিয়ে সেটার স্বীকারোক্তি আদায় করা হয়।

এতে তার সামাজিক সম্মান হয় এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন উল্লেখ করেন।
পোস্টে শুভ আরও লেখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি এবং এই অপমান ও সামাজিক হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও ‘ঘুণে ধরা সমাজব্যবস্থা’-কে দায়ী করেন এবং আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে আইনি শাস্তির দাবি জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উম্মেষ রায় বলেন, ‘শুভর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।

কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এ ধরনের খবর পেয়ে আমাদের মন ভেঙে গিয়েছে।’
শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তার এমন মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, ‘শুভ আসলে আত্মহত্যা করেনি, ওকে একপ্রকার খুন করা হয়েছে! ওর খুনের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

খবর ডেস্ক :
বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বরিশাল-৪ আসনের প্রার্থী রাজীব আহসানের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা রয়েছে। বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে সবচেয়ে কম মামলা রয়েছে। আর বিদ্রোহী প্রার্থীদের মধ্যে বরিশাল-৩ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আ. ছত্তার খানের বিরুদ্ধে কোনো মামলা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

বরিশাল-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান ৮৪টি মামলার আসামি ছিলেন। এর মধ্যে দুইটি মামলা চলমান রয়েছে। বাকি মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়েছেন তিনি।

বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন ২৫টি মামলার আসামি ছিলেন। অধিকাংশ উচ্চআদালত থেকে বাতিল ও তদন্তে অব্যাহতি পেয়েছেন তিনি। একই আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেওয়া বিএনপি নেতা আ. ছত্তার খানের বিরুদ্ধে কোনো মামলা নেই।

বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরোয়ার ২৩টি মামলার আসামি ছিলেন। এর মধ্যে ৯টি মামলা বিচারাধীন রয়েছেন। অন্য মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন।

বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান সাতটি মামলার আসামি। এর মধ্যে ছয়টি থেকে অব্যাহতি পেয়েছেন। একটি মামলায় জামিনে রয়েছেন।

বরিশাল-২ আসনের সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ছয়টি মামলার আসামি। এর মধ্যে একটি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ রয়েছে। অপর পাঁচটি তদন্তনাধীন রয়েছে। দুইটি মামলার আসামি হিসেবে খালাস পেয়েছেন বরিশাল-১ আসনের প্রার্থী জহিরউদ্দিন স্বপন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান আটটি মামলার আসামি। এর মধ্যে ৬টি বিচারাধীন ও দুইটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।

খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

 

মিতুর দেওয়া হলফনামার তথ্যে উঠে এসেছে, তার কাছে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। সোনা রয়েছে ২০ ভরি। মোট সম্পদের মূল্য ৭৪ লাখ ৩১ হাজার টাকা।

 

হলফনামায় তার স্বামীর নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা, আসবাপত্র ১ লাখ ২০ হাজা টাকার। মোট ৫৩ লাখ ৪২ হাজার ২ শত ৬৮ টাকা রয়েছে তার। তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পত্তি নেই।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা:

 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মোল্লা। রবিবার সকালে তার পাঞ্জুপাড়াস্থ নিজ বাড়িতে বসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উপকূলীয় এলাকার শীতার্তদের মানুষের পাশে দাড়ানোয় প্রশংসা কুড়িয়েছে এই বিএনপি নেতা।

 

মোঃ কুদ্দুস মিয়া (উপকারভোগী) বলেন,এই কনকনে শীতে শীতবস্ত্র পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। শীতের কারণে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছিল। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় সহায়তা।

 

মোমেনা বেগম (উপকারভোগী)বলেন,শীতবস্ত্র পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। শীতের রাতে কষ্ট কমবে। আমাদের মতো অসহায় মানুষের কথা যারা চিন্তা করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার।

 

পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন,বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।

 

তিনি আরও বলেন,আমরা মহান আল্লাহর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি।

 

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় সচেতন মহলও বিএনপির এ মানবিক উদ্যোগকে প্রশংসা করে

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার সংসদীয় ছয়টি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এ তথ্য জানান।

মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিন শনিবার তিনটি আসনের মধ্যে চার প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আট প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল এবং আরও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়।

মনোনয়ন বাইয়ের দ্বিতীয় দিন শনিবার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে চারজনের মনোয়ন বৈধ ঘোষণা এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান (বিএনপি বিদ্রোহ), বিএনপির জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং ইসলামী আন্দোলনের রাসেল সরদার মেহেদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খানের আয়করবিষয়ক সমস্যা থাকায় স্থগিত রাখা হয়েছে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে চারজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

বাতিল হয়েছে একজনের এবং স্থগিত হয়েছে পাঁচ প্রার্থীর মনোনয়ন। এ আসনে বাসদের প্রার্থী তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী নেসার উদ্দিন, রঞ্জিত কুমার বাড়ৈ এবং খেলাফত মসজিদের মুন্সী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাসদের প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্রে দলীয় অঙ্গীকারনামা না থাকার কারণে তা অবৈধ বা বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ (সান্টু)র আয়কর বিষয় সমস্যা থাকায় স্থগিত করা হয়েছে। প্রার্থী সাহেব আলীর হোল্ডিং ট্যাক্স বিষয় সমস্যার কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টির এম এ জলিলের অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হকের ৩শ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বাতিল হয়েছে তিন প্রার্থীর মনোনয়ন, স্থগিত হয়েছে দুইজনের প্রার্থীতা। এ আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলামী, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসের দলীয় প্রধানের অঙ্গীকারনামা এবং ৩শ টাকার স্টাম্পে অঙ্গীকারনামা না থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল আহসানের দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকার কারণে তা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থী আব্দুস সাত্তার খানের অঙ্গীকারনামা না থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর জেল হাজতে এবং দ্বৈত নাগরিকতা থাকার অভিযোগের কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি বাসদ মনোনীত প্রার্থী আজিমুল হাসান জিহাদ ৩শ টাকার স্ট্যাম্পে দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকার কারণে স্থগিত রাখা হয়েছে।

এর আগের দিন শুক্রবার প্রাথমিক বাছাইয়ের প্রথম দিন বরিশাল জেলার তিনটি আসনের মনোনয়নপত্র যাচাইয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানানো হয়। এর মধ্যে বরিশাল-৫ সদর আসনের খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর করেনি এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া বরিশাল-৫ আসনো স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না দেওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল হয়।

প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে হলফনামা নোটারির কাগজে স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসংগতির কারণে বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ (বি) ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। কাগজপত্র সংশোধন করে জমাদানের পর রোববার স্থগিত হওয়া মনোনয়নের বিষয়ে ফের পরবর্তী সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেবে বলে জানা গেছে।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা পুনরায় আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করে রোববার (৪ জানুয়ারি) সিদ্ধান্ত নেওয়া হবে।