নিজস্ব প্রতিবেদক :
বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার নয় নম্বর পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ভ্যানচালক মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে ১১টার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ভ্যানের ওপর শুইয়ে রাখে।

স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. টিপু সুলতান জানিয়েছেন, নিহত ব্যক্তির শরীরে কমপক্ষে ১০-১২টি কোপের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই চিকিৎসা শুরু করা হলেও বাঁচানো যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ক প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দৌঁড়ে শক্ত অবস্থানে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

অল্প সময়ের মধ্যে আবু নাসের বরিশাল মহানগরীসহ সদর উপজেলা পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠলেও মনোনয়ন পেয়ে যান স্থানীয় বিএনপির সর্বোচ্চ এবং বর্ষীয়ান নেতা মজিবর রহমান সরোয়ার।

কিন্তু মনোনয়ন পাওয়ার পর নির্বাচনি মাঠে দুই নেতার দূরত্ব চিন্তায় ফেলে দেয় তাদের কর্মী-সমর্থকদের। অবশেষে সেই দুশ্চিন্তা কাটিয়ে নির্বাচনি লড়াইয়ে শক্ত অবস্থান গড়ে উঠলো দুই নেতার ঐক্য।

শনিবার বিকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে মজিবর রহমান সরোয়ার ও আবু নাসের রহমাতুল্লাহ’র ঐক্যবদ্ধভাবে বরিশাল সদর আসনে নির্বাচনি বৈতরণী পার করার অঙ্গীকার করেন।

এসময় মজিবর রহমান সরোয়ারের গাঁয়ে ধানের শীষের ছবি সম্বলিত চাঁদর জড়িয়ে দেন আবু নাসের রহমাতুল্লাহ। এমন দৃশ্য দুই নেতার অনুসারীদের মধ্যে প্রাণ সঞ্চার করেছে। দুই নেতার ঐক্য বরিশাল সদর আসনে ধানের শীষের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

এর আগে শনিবার বিকালে নগরীর গির্জা মহল্লা এলাকায় একে স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া-মাহফিল আয়োজন করেন আবু নাসের রহমাতুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ত্রাণকর্তা ছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বরিশালের ব্যাপক উন্নয়ন করেছেন। এ অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি গভীরভাবে স্থান করে নিয়েছেন। বরিশালের প্রতিটি উন্নয়নের সাথে বেগম জিয়া ওতপ্রোতভাবে জড়িত।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবু নাসের রহমাতুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। কারাগারে যাওয়ার আগেও তিনি ঐক্যের কথা বলেছেন, মুক্তির পরও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দেশের মানুষ ও দলের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ না হলে তার প্রতি অবমাননা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক :
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া বরিশালের আরও দুই নেতাকে দলে নিয়েছে বিএনপি।

লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারের প্রায় আড়াই বছর পর শনিবার (১০ জানুয়ারি) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত তিন দিনে সিটি নির্বাচনের সময় বহিষ্কার ১৯ জনের মধ্যে ১৭ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো।

নতুন করে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দু’জন হলেন- বরিশাল মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম ও বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন।

এর আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ওই দুইজনসহ বিএনপির ১৯ নেতা। এ কারণে ‘বেইমান এবং ‘মীর জাফর’ আখ্যা দিয়ে একই বছরের ৪ জুন ১৯ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সেই বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তারা খুন-গুমের শিকার পরিবারসহ গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।
গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে তাদের নাম ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর’ হিসেবে উচ্চারিত হবে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১০ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি কামরুল আহসান রুপন, মো. ফিরোজ আহমেদ, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, সৈয়দ হাবিবুর রহমান ফারুক, হুমায়ুন কবির, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মহিলা দল নেত্রী জাহানারা বেগম ও সেলিনা বেগম, রাশিদা পারভীন, জেসমিন সামাদ শিল্পী, যুবদলের সিদ্দিকুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের জাবের আব্দুল্লাহ সাদী এবং তার আগে গত ৭ জানুয়ারি মহানগর বিএনপির সাবেক তিন যুগ্ম আহ্বায়ক শাহ্ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জন্য সবাই দোয়া করবেন।

 

অনুষ্ঠানে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বরিশাল-৫ আসনে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল সদর উপজেলার আওতাধীন বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত বরিশাল-৫ আসনের টিম ও মহানগর ছাত্রদল।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি ও সহ সাধারণ সম্পাদক এরফান খান নিবিড়।

কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সেক্রেটারি হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তরেক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাসনিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রিয়াজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মুরাদ রনি, তিতুমীর কলেজ ছাত্রদলের রাশেদুল ইসলাম আপন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের হাসিবুল হাসান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাজী ইসতাফ আলভীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ একটি মানবিক ও বাস্তবমুখী উদ্যোগ। বিএনপি সরকার গঠন করলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দিনব্যাপী এ কর্মশালায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার দিনব্যাপী একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১টায় নিজ বাসভবনে বরিশাল মহানগরের ১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম নিয়ে মতবিনিময় করের এবং নির্বাচনী কমিটি গঠন করেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় বরিশাল মহানগর ছাত্রদল ও বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ছাত্রদলের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালাটি বরিশাল সদর রোডস্থ টাউন হলে অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেল সাড়ে ৫টায় বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে ‘বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মহান আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি।

এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নৃতৃবৃন্দ।

দিনের শেষ কর্মসূচিতে রাত ৮টায় বরিশাল মহানগর হোমিওপ্যাথিক মেডিসিন সমিতির সঙ্গে নির্বাচনী কার্যক্রমে তাদের ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার।

প্রতিটি কর্মসূচিতে বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টার প্রেস সেক্রেটারি এ এস এম রাসেল কবির।

খবর ডেস্ক :
বরিশালের বিভিন্ন বিষয় ২০২৫ সালে আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। বছরের ওই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কখনও গণমাধ্যমে আবার কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

স্বাস্থ্যখাত সংস্কার ও ‘বরিশাল ব্লকেড’

আগস্ট ২০২৫-এ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালকে কেন্দ্র করে শুরু হয় ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন’। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা তিন দফা দাবিতে ১০ আগস্ট থেকে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেন।

আন্দোলনের একপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পদচারণা বৃদ্ধি পায় বরিশালে; পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলে, পরিস্থিতি যদিও কিছুটা ভিন্ন হয়। গ্রেপ্তার হয় আন্দোলনকারী নেতারা; এদিকে আন্দোলনের ফলে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনিক ও কাঠামোগত রদবদলও আনা হয়।
ডেঙ্গুর প্রকোপ

চলতি বছরে বরিশাল জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক বছরে বরিশাল জেলার ডেঙ্গু আক্রান্ত হয় ১ হাজার ৯১৮ জনের বেশি এবং বিভাগে এ আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৮১৯ জন।

আর বিভাগে মোট ৫১ জন মৃতের মধ্যে শুধু বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনা

ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণে বছরজুড়েই আলোচনায় ছিল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। বছরের শুরুতে ১৭ জানুয়ারি বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত হন। এরপর ধারাবাহিক দুর্ঘটনার ১১ মার্চ গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত, ১২ মে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদারের নিহত হওয়া, ২৬ জুন উজিরপুরের বামরাইলে বেদে সম্প্রদায়ের ট্রাক উল্টে দুইজন নিহত ও ২১ জন নিহত হওয়ার ঘটনাও ঘটে এবং ৩০ জুন দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা বেশ আলোচিত ছিল বরিশাল জুড়ে।

ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যাকাণ্ড

হত্যাকাণ্ডের শিকার রবিউল ইসলাম মূলত ছাত্রদলের নেতা ছিলেন (বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি)। ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই যুবকের মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেন।

২৯ জুলাই বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী (২০) বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার বাসিন্দা জাফর গাজী (৪৮) ও নাজমা বেগম (৪০) দম্পতির একমাত্র ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, জাফর ও নাজমার দুই মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে হাসান অনেক দিন ধরেই মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য মা–বাবাকে প্রায়ই মারধর করতেন হাসান।
গোমা সেতুতে স্প্যান বসানো

দীর্ঘদিন বন্ধ থাকা বরিশালের বাকেরগঞ্জের রাঙামাটি নদীর গোমা সেতুতে নভেম্বর মাসে স্প্যান বসানোর ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। কারণ স্প্যান বসানোর মধ্য দিয়ে এ সেতুর সর্বশেষ কাজের সমাপ্তি ঘটিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার।

বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের জয়জয়কার!

ক্রীড়াঙ্গনে ২০২৫ সাল ছিল বরিশালের জন্য শ্রেষ্ঠত্বের বছর। ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জেতে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে এই জয় বরিশালবাসীকে উল্লাসে ভাসায়। তবে ২০২৬ সালের আসরে ফ্র্যাঞ্চাইজিটির অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও প্রস্তুতির অভাব নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা চলছে, তা ক্রীড়াপ্রেমীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।

নিজ এলাকায় এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ লাঞ্ছিত

৭ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করা হয়। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল ও জাতীয় সংবাদে গুরুত্ব পায়।

আদালতের ফটকের সামনে সাংবাদিকের ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

২৭ মার্চ বরিশালে আদালতের প্রধান ফটকের সামনে সংবাদ সংগ্রহকালে ছাত্রদল সমর্থিত কয়েকজনের হামলার শিকার হন এন আমিন রাসেল নামের এক সংবাদকর্মী। এসময় তার মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। যা সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

পরিবহন শ্রমিক ও শিক্ষার্থী সংঘর্ষ

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ১৫ নভেম্বর পরিবহন শ্রমিক ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং প্রচুর বাস ভাঙচুর করার পাশাপাশি, বাস টার্মিনাল জুড়ে তাণ্ডব চালানোর মতো ঘটনা ঘটে, যা নিয়ে শিক্ষার্থীরা পরবর্তীতে পরিবহন ভাড়ার মূল্য নিয়ে আন্দোলন চালায়। আর বাস ভাঙচুরের দোহাই দিয়ে বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিকরা। এই সংঘর্ষে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন শ্রমিক ইউনিয়নের সংগঠনগুলো।

বাকসু নিয়ে বিরোধ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে আন্দোলনে নামে। তবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের নাম বাকসু নির্ধারণ করা হলে বিএম কলেজের শিক্ষার্থীরা তাতে প্রতিবাদ জানায়। কারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কয়েক দশক আগে থেকে বিএম কলেজ ছাত্র সংসদের নাম বাকসু রাখা হয়। এ নিয়ে বাকযুদ্ধ শুরু হলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও উত্তাপ ছড়ায়। যদিও এর মাঝেই বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণের বিষয়টি বেশ পজেটিভ আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠান শিক্ষার্থীরাই বন্ধ করে

ফেব্রুয়ারি মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে চারুকলা সংসদের (ববিচাস) আয়োজিত কনসার্ট একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হয়ে যায়। ঘটনার দিন গভীর রাতে শিক্ষার্থীরা পড়ালেখায় বিঘ্ন ঘটার অভিযোগে সেটি বন্ধ করে দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ডিসেম্বর মাসে ঘটাতে গেলে সেটির প্রতিবাদ জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

হানি ট্র্যাপ বা প্রেম ফাঁদ চক্র

বছরের শেষে এসে নারীসহ একাধিক হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটে। এছাড়া কোতোয়ালি মডেল থানার ওসি পরিবর্তনের পর নগরের আবাসিক হোটেলগুলোতে পতিতাবৃত্তি বন্ধে পুলিশের অভিযান বেশ আলোড়ন সৃষ্টি করে নগরজুড়ে।

অস্ত্র মহড়া ও যৌথ বাহিনীর অভিযান

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, পুলিশ ও যৌথ বাহিনী শহরের কলোনিগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এবং কয়েকজনকে অস্ত্রসহ আটক করে। এটি নগরবাসীর নিরাপত্তাহীনতার উদ্বেগ বাড়িয়ে দেয়।

বরিশালে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও ইতিহাসে রেকর্ড শীত!

বর্ষা মৌসুমে বরিশাল শহরে সামান্য ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। বিশেষ করে বটতলা, বগুড়া রোডসহ কেন্দ্রীয় সড়কগুলোতে বৃষ্টি থামার পরেও পানি নেমে যাওয়া হয়নি। ফলে যানজট, যাত্রীদের ভোগান্তি ও পথচারীদের চলাচলে অসুবিধা দেখা দেয়।

ভ্যাকসিন সংকট

বছরের শেষে এসে কুকুর, বিড়ালের কামড়ে আহত হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও, জরুরি র‌্যাবিশ ভ্যাকসিনের সরবরাহের সংকট দেখা দেয় সরকারি হাসপাতালগুলোতে। এমনকি সংকট দেখিয়ে বাহিরেও বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে ফার্মেসিগুলোর বিরুদ্ধে।

এদিকে বছরের শেষের দিকে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা যেমন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের আবহ সৃষ্টি করে। তেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা, বরিশালের চরমোনাইয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি নেতাদের সাক্ষ্যাত করাসহ আসন্ন জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আলোচনার সৃষ্টি করে।

এছাড়াও ২০২৫ সালে বরিশালে আলোচনায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন, সংঘর্ষ, খুন, সড়ক দুর্ঘটনা, নানাবিধ অপরাধ, রাজনৈতিক অস্থিরতা ছিল আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
সূত্র : বাংলানিউজ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এই ব্যয় ও অপচয় কমাতে সরকার ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করছে।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বান্দ রোডের একটি হোটেলের সেমিনার কক্ষে ‘বরিশাল অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি, প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে মতামত ও পরামর্শ সংগ্রহ’ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, “ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাঁটা নোটের সমস্যাও অনেকাংশে দূর হবে। নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে।”

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তা, কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার করবে। “এসএমই, নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ঋণের প্রবাহ কীভাবে আরও বাড়ানো যায়, সে লক্ষ্যে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে,”—বলেন গভর্নর।

এসএমই খাত প্রসঙ্গে গভর্নর জানান, “আমাদের হাতে এসএমই সেক্টরের জন্য ৩৫ হাজার কোটি টাকা রয়েছে, যা খুব স্বল্প সুদে বিতরণ করা হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর সঙ্গে আমরা আরও কঠোর অবস্থানে থাকব।”

ব্যাংকগুলোর উদ্দেশে তিনি বলেন, “ব্যাংকিং খাত এখনও কর্পোরেটমুখী বড় গ্রাহকদের দিকেই বেশি নজর দেয়। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে এসএমই, উদ্যোক্তা ও কৃষি খাতে ঋণ বিতরণ অবশ্যই বড় পরিসরে বাড়াতে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুদ, প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের ডেপুটি পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর :
বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

৮ জানুয়ারি বৃহস্পতিবার আছর নামাজ বাদ সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিনএর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালী এর সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি,গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, সাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন হাওলাদার, যুগ্ন সম্পাদক মোঃ সান্টু বালী, উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, যুগ্ন-আহবায়ক এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা সেচ্ছাসেবক ললের সদস্য সচিব মোঃ কাইউম খান, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাইউম খান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেন, দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতলা সাইদিয়া মাদ্রাসার মুতালিম মুফতি মোঃ তরিকুল ইসলাম, ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লীগন ।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লোকাল কমিটি গঠন করা হয়েছে। বরিশালের প্রবীণ অর্থোপেডিক সার্জন ডা. কবিরুজ্জামানকে আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. আর. তালুকদার মুজিব, অধ্যাপক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জাহিদ হোসেনসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার খ্যাতিমান পেশাজীবীরা।

ফাউন্ডেশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি কাজ করবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন সাধারণ মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. কবিরুজ্জামান বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

সদস্য সচিব অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে জনমত গঠন এবং সচেতনতা তৈরিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, বরিশাল বিভাগীয় এই লোকাল কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।