আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানাতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়।
তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ স্বাগত মিছিলে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিলটি কুয়াকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করুন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন, সংযম ও আত্মশুদ্ধি অর্জন করুন এমন বিভিন্ন স্লোগান দেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান বলেন,রমাদান কেবল উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবিকতা অর্জনের শ্রেষ্ঠ সময়। এ মাসে অন্যায়, অসৎ উপার্জন ও মজুতদারি পরিহার করে সমাজে ন্যায় ও সহমর্মিতা প্রতিষ্ঠা করতে হবে।
সাগর সৈকত জামে মসজিদের খতিব মুফতি মোঃ মোস্তফা কামাল বলেন,রমাদানের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সকলের নৈতিক দায়িত্ব। মানুষের কষ্টকে পুঁজি করে মুনাফা অর্জন করলে বরকত নষ্ট হয়ে যায়। হালাল ব্যবসাই প্রকৃত সফলতার পথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মোঃ মোস্তফা কামাল, কুয়াকাটা কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফজলুল হক খানসহ স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






