TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :

উপকূলীয় অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমুদ্র তীরবর্তী দ্বীপ চরহেয়ার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পর্যটন বাঁচলে অর্থনীতি বাঁচবে।

উপকূলীয় অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পায়রা বন্দর, পর্যটন শিল্প ও মৎস্যখাতের সমন্বিত উন্নয়ন জরুরি। আর এ উন্নয়ন ত্বরান্বিত করতে উপকূলের অভিজ্ঞ ও জননন্দিত প্রতিনিধি হিসেবে এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কেএম জহিরুল ইসলাম খান। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাসুম আল বেলাল ও ডিরেক্টর গাজী মোহাম্মদ হানিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা’র সদস্য সচিব কেএম বাচ্চুসহ কুয়াকাটা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হলেও প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার অভাবে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না। পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্ত অবস্থানে নেওয়া সম্ভব।

তারা আরও বলেন, পায়রা পোর্টকেন্দ্রিক শিল্পায়ন, গভীর সমুদ্রবন্দর-সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল, মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প ও পর্যটন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে। এজন্য উপকূলের বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণাসম্পন্ন নেতাকে দায়িত্ব দেওয়ার দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে টোয়াক ও কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের উচ্চপর্যায় উপকূলবাসীর এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *