TT Ads
Spread the love

নিজস্ব প্রতিবেদক :
‘বিজয় দিবসে শ্রদ্ধা’ জানানোয় দুই শ্রমিক বরখাস্ত, প্রতিবাদে কর্মবিরতি।
বরিশাল নগরীর দপদপিয়া এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।

সোমবার সকাল থেকে নগরীর রূপাতলীর দপদপিয়া এলাকায় টেক্সটাইল মিলের সামনে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেন।

বেলা সাড়ে ১১টায় সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনে এক সংবাদ সম্মেলনে মিলের লাইনম্যান হাবিবুর রহমান বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষ সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনিকে মৌখিকভাবে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।

মোশারফ হোসেন সোনারগাঁও টেক্সটাইল মিলে ৩০ বছর চাকরি করেন এবং খুকুমনি এই মিলে ১৪ বছর ধরে চাকরি করে আসছেন। ইউনিয়ন নেতৃবৃন্দকে চাকরিচ্যুত করার চেষ্টা সম্পূর্ণভাবে ট্রেড ইউনিয়নের প্রতি বৈষম্যমূলক এবং কোনোভাবেই ন্যায়সংগত বা আইনসংগত নয় বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগ করে হাবিবুর রহমান বলেন, “দুই শ্রমিক নেতার কোনো অপরাধ নেই। তাদের অপরাধ শুধু বিজয় দিবসের দিন শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। শ্রদ্ধা জানানোর জন্য মিল মালিকদের কাছে ছুটি চাওয়া হয়েছিল। ছুটি না পেয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ দেন শ্রমিক ইউনিয়ন নেতারা। সেই ঘটনার জের ধরে তাদের দুজনকে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের কাজে যোগদানের অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।”

সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, “দুই শ্রমিক নেতাকে অকারণে বরখাস্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করা। শ্রমিকেরা যাতে ট্রেড ইউনিয়নের মাধ্যমে দাবি আদায়ে সংগঠিত না হতে পারে, এ উদ্দেশ্যেই মালিক এই ইউনিয়ন নেতৃবৃন্দকে চাকরিচ্যুত করে ট্রেড ইউনিয়নকে নেতৃত্বশূন্য ও অকার্যকর করতে চাচ্ছে।”
আয়োজিত সংবাদ সম্মেলনে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক সংগঠনের মাসুম গাজী, ইমরান হোসেন, মো. জসীম হাওলাদার, হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রোববার রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *