খবর ডেস্ক :
মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঙ্গাসের পোনা ধরার চাই ও অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় অর্ধলাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
তিনি জানান, ইলিশের অভয়াশ্রম হিজলা উপজেলার মেঘনা নদীতে সোমবার (৯) মার্চ ভোরে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। অভিযানে ১টি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ৩০ হাজার অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার মো. শাহাবুদ্দিন (৪৫), মো. সাইদুল ইসলাম (৩০), মো. জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), বাবুগঞ্জ এলাকার মো. রাসেল (৩৫), মো. আরিফ (৩২) ও বাথুয়া এলাকার আল আমিন (৩০)।
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়ার উ.দাদপুর এলাকার মো. শাহ-আলম (৪৩) ও হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি (৩৩), মো. আনিচ (৩৭) ও মো. সাকিল মাঝি (৩০)।
নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন (২৩), মো. ইব্রাহীম (২৪) ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান (২৫)।
পরে আটকদের হিজলা উপজেলার সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ১০ জনকে ৪ হাজার টাকা করে ও ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জব্দকৃত চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।






