নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে কোনো ধরনের উৎসব বা আনন্দ মিছিল নয়, বরং দোয়া-মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করেছে বরিশাল মহানগর বিএনপি। একইসঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাও করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজ শেষে বরিশাল নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে এ শুকরানা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কোথাও কোনো উৎসব বা প্রতিহিংসার রাজনীতি নয়; বরং সকলের সহাবস্থানের মাধ্যমে দেশ গঠনে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই মহানগর বিএনপি দোয়া-মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করেছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।






