নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, কাজী শাহ আলম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নেতৃত্বে বাকেরগঞ্জ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।






