নিজস্ব প্রতিবেদক :
১৯৭৫ থেকে ২০২৫—এই দীর্ঘ পঞ্চাশ বছরের স্মৃতি ও বন্ধনকে ঘিরে বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।
র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ তারিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন ডা. মিজানুর রহমান, বঙ্কিম চন্দ্র সাহা, মোঃ সূরুয্যামান, এম. মকবুল আহমদ ফারুক, মোঃ আবদুস শুকুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, বরিশাল জিলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবন গঠনের অন্যতম ভিত্তি। দীর্ঘ সময় পর সহপাঠীদের সঙ্গে মিলিত হতে পেরে তারা আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে নতুন করে বন্ধন দৃঢ় করেছে বলে মনে করেন আয়োজকরা।






