খবর ডেস্ক :
বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আইনজীবী সমিতি ভবন থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত চলাকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোলের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবী সমিতির এনেক্স ভবন থেকে তাকে গ্রেপ্তার করে।
এরপর বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে সেখান থেকে তাকে আদালতের পুলিশি হেফাজতখানায় নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সভাপতির মুক্তির দাবিতে জেলা জজ আদালত ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতি বিক্ষোভ করেছে। একইসঙ্গে আন্দোলনকারীরা সভাপতির মুক্তি না দেওয়া পর্যন্ত সব আদালত বর্জনের ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ বিচারপ্রার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলাকালে সেখানে ঢুকে হট্টগোল করেন কয়েকজন আইনজীবী। এসময় বেঞ্চ ওলটপালট করা হয়। বিচার কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়।
তখন এজলাস থেকে নেমে যান বিচারক।
এ ঘটনার জেরে আজ আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হলো।
বিএনপিপন্থি আইনজীবীরা জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট বেআইনিভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে সোমবার জামিন দিয়েছেন। এ ঘটনায় ওই আদালতের বিচারকের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আইনজীবীরা।
এদিকে থানা পুলিশ জানিয়েছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনসহ ১২ জনের বিরুদ্ধে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকন গ্রেপ্তার হলে তার জামিন নামঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. জহির উদ্দিন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।





