নিজস্ব প্রতিবেদক :
গতকাল আসরের সময়ও আছিয়া বেগম চিন্তায় ছিলেন, ইফতারে কী দিয়ে রোজা ভাঙবেন। ঘরে তেমন কোনো খাদ্যসামগ্রী ছিল না, শেষ কয়েক মাসে মুরগির মাংস তো দূরের কথা, নিয়মিত বাজার করাও ছিল তার কাছে স্বপ্নের মতো।
কিন্তু একদিনের ব্যবধানে বদলে গেল সেই দৃশ্য। আজ আসর নামাজের পরই তার ঘরে পৌঁছে যায় পুরো এক মাসের বাজারসামগ্রী। চাল, ডাল, তেল, চিনি, আলু-পেঁয়াজের পাশাপাশি রয়েছে মাছ, মাংসসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। দীর্ঘ ৩ থেকে ৪ মাস পর নিজের ঘরে মাছ-মাংস দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আছিয়া বেগম।
জানা গেছে, অসহায় এ নারীর সংগ্রামের সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এর। এরপর তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজেই তার বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এ সময় তিনি বলেন, “রাজনীতি মানুষের জন্য। সমাজের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।
আছিয়া বেগম সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে, বিশেষ করে রমজানের সময়ে।
এ ঘটনায় স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।






