নিজস্ব প্রতিবেদক :
“নির্বাচন একটি রাষ্ট্রীয় দায়িত্ব ও আমানত। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা ব্যক্তিগত প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় স্থান পাবে না” বলে সতর্ক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে কা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে আয়োজিত এ সমাবেশে অংশ নেন বরিশাল জেলার ৮৩৩টি ভোট কেন্দ্রের মোট ১০ হাজার ৮২৯ জন নারী-পুরুষ আনসার ও ভিডিপি সদস্য।
দায়িত্ব পালনের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-এর মাধ্যমে রিপোর্ট করার নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, “আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত জনবল মোতায়েনের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”
সমাবেশে বক্তব্য দেন- বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
“ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রথমবারের মতো ডাটাবেজভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে পাঁচ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। বরিশাল জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, বরিশাল আনসার ব্যাটালিয়ন (২২ বিএন) অধিনায়ক মো. হাসান আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক এবং ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।






