TT Ads
Spread the love

আবুল হোসেন রাজু, কুয়াকাটা :
পর্যটন নগরী কুয়াকাটায় এই প্রথম আন্তর্জাতিক মানের থাই স্পা সেবা চালু হলো। কুয়াকাটার অভিজাত হোটেল ডি মোর-এ বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রিল্যাক্স থাই স্পা’। এর মাধ্যমে পর্যটকদের জন্য আধুনিক স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা ও শান্ত পরিবেশে পরিচালিত এই স্পার মূল লক্ষ্য হলো অতিথিদের শরীর ও মনের ক্লান্তি দূর করে নতুনভাবে জীবনচাঞ্চল্য ফিরিয়ে আনা। এখানে থাই ট্র্যাডিশনাল ম্যাসাজ, অ্যারোমাথেরাপি ম্যাসাজ, হট অয়েল ম্যাসাজসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত ও প্রশান্তিদায়ক সেবা প্রদান করা হবে।

হোটেল ডি মোর  জেনারেল ম্যানেজার জয়নুল আবেদিন জুয়েল বলেন,রিল্যাক্স থাই স্পা শুধু শরীরকে পুনরুজ্জীবিতই করে না, বরং মানসিক প্রশান্তি ফিরিয়ে এনে মনকে সম্পূর্ণ শান্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষিত থেরাপিস্ট ও আন্তর্জাতিক মানের পদ্ধতিতে এখানে সেবা দেওয়া হবে।

স্পা উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে আসা পর্যটক জীবন আহম্মেদ  বলেন,কুয়াকাটায় এমন আন্তর্জাতিক মানের থাই স্পা চালু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সমুদ্রভ্রমণের পর শরীর ও মনকে রিল্যাক্স করার জন্য এটি একটি দারুণ উদ্যোগ। এতে কুয়াকাটায় ভ্রমণের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন,পর্যটন নগরী কুয়াকাটা দিন দিন আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবার দিকে এগিয়ে যাচ্ছে। হোটেল ডি মোরে ‘রিল্যাক্স থাই স্পা’ চালু হওয়া আমাদের পর্যটন শিল্পের জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী সংযোজন।

দেশি-বিদেশি পর্যটকদের চাহিদা বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন সেবা কুয়াকাটার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। আমরা আশা করছি, এর মাধ্যমে পর্যটকদের অবস্থানকাল বাড়বে এবং স্থানীয় পর্যটন ব্যবসা আরও সমৃদ্ধ হবে। ভবিষ্যতেও কুয়াকাটায় আন্তর্জাতিক মানের সেবা সম্প্রসারণে উদ্যোক্তারা এগিয়ে আসবেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,কুয়াকাটা পর্যটন নগরী হিসেবে ক্রমেই আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবার দিকে এগিয়ে যাচ্ছে। ‘রিল্যাক্স থাই স্পা’ চালুর মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত বিনোদন ও স্বাস্থ্যসেবার নতুন সংযোজন হলো। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এসময় উপস্থিত কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,প্রেসক্লাব
সাধারণ সম্পাদক হোসাইন আমির,ট্যুর গাইড সভাপতি কে এম বাচ্চু,অভিনেতা মাসুদ পরবের সাগর, আলমাছ শিকদারসহ পর্যটক, পর্যটন ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘রিল্যাক্স থাই স্পা’ চালুর ফলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে কুয়াকাটার আকর্ষণ আরও বাড়বে এবং পর্যটন শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *